থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এআইটি) চালু করা হয়েছে ‘ইউনূস প্রফেশনাল মাস্টার্স ইন সোশ্যাল বিজনেস অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ’ ডিগ্রি। গত ৩১ মার্চ এআইটি আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই কোর্সের উদ্বোধন করা হয় বলে গতকাল শুক্রবার ইউনূস সেন্টারের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এআইটির প্রেসিডেন্ট অধ্যাপক ইডেন উন ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এআইটিতে অবস্থিত ইউনূস সেন্টারের পরিচালক ও ইউনূস প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামের অ্যাকাডেমিক হেড অধ্যাপক ফাইজ শাহ এই প্রোগ্রামের বিস্তারিত বিষয়সূচি অনুষ্ঠানে উপস্থাপন করেন।
অধ্যাপক ইউনূস বলেন, পৃথিবীর সমস্যাগুলো সৃষ্টি হয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শ্রেণিকক্ষে। তারা তাদের ছাত্রদের কাছে পৃথিবী সম্বন্ধে একটি সংকীর্ণ, স্বার্থপর বর্ণনা তুলে ধরে। শিক্ষা হলো সব সময় চাঁদের একই দিক দেখার মতো, কখনোই ছাত্রদের প্রশ্ন করতে না দেওয়া যে, চাঁদের অপর দিকে কী আছে। এআইটির এই স্নাতকোত্তর ডিগ্রি সেই অন্য দিকটি আবিষ্কার করতে রকেট তৈরির একটি উদ্যোগ। বৈশ্বিক সমস্যাগুলোর সমাধান করতে অতি জরুরি উদ্যোগ গ্রহণের ওপর জোর দিয়ে তিনি আরো বলেন, নিশ্চিন্তে বসে থাকার সময় এখন নয়। আমাদের এখনই কাজে নেমে পড়তে হবে।
উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ইডেন উন বলেন, অধ্যাপক ইউনূস পৃথিবীর কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করছেন। এই মাস্টার্স প্রোগ্রামটি অত্যন্ত আকর্ষণীয় ও সময়োপযোগী একটি উদ্যোগ, যখন পৃথিবী একটি কঠিন সময় অতিক্রম করছে। আমি বিশ্বাস করি, এই কোর্সটি অত্যন্ত জনপ্রিয় হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংককে অবস্থিত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সহযোগিতা জোটের (আসিয়ান) নেতৃস্থানীয় বিশ্ববিদ্যালয় এআইটিতে চলতি বছরের আগস্টে ইউনূস প্রফেশনাল মাস্টার্স কোর্সে ছাত্র ভর্তি শুরু হবে। আশা করা হচ্ছে, পেশাজীবী ও ভবিষ্যত্ উদ্যোক্তাদের কাছে প্রোগ্রামটি সমাদৃত হবে। প্রোগ্রামটির বিস্তারিত তথ্য এআইটির ইউনূস প্রফেশনাল মাস্টার্স (https://www.yunusmasters.ait.asia/) ওয়েবসাইটে পাওয়া যাবে।
