ভারতের ফেরত পাঠানো ১৪ বছর বয়সি এক রোহিঙ্গা কিশোরীকে নিতে অস্বীকৃতি জানিয়েছে মিয়ানমার। ভারতীয় পুলিশ কর্মকর্তারা জানান, ফেরত পাঠানোর জন্য ঐ কিশোরীকে বৃহস্পতিবার ভারতের মণিপুর রাজ্যের একটি সীমান্ত শহরে নিয়ে যাওয়া হয়। কিন্তু মিয়ানমার কর্তৃপক্ষ ঐ রোহিঙ্গা কিশোরীকে গ্রহণ করতে অস্বীকার করে।
আলজাজিরার খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ভারতীয় দৈনিক পত্রিকা হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশী দেশটির অভিবাসন বিভাগ সীমানা খুলতে অস্বীকার করেছে। তারা বলেছে, বর্তমান পরিস্থিতি কাউকে গ্রহণ করার জন্য উপযুক্ত নয়।’
কিশোরীকে প্রতিবেশী রাজ্য আসামে ফেরত পাঠানো হবে। যেখানে সে এক বছরেরও বেশি সময় আশ্রয় নিয়েছিল। কিশোরীর পরিবার বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে বাস করছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরসহ অন্যান্য মানবাধিকার সংস্থা ও গোষ্ঠীগুলো এই পদক্ষেপের জন্য নয়াদিল্লির সমালোচনা করেছে।
