বাইডেনের অবকাঠামো পরিকল্পনার বিরুদ্ধে লড়বেন রিপাবলিকানরা

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ০০:২৫

ধনীদের ওপর কর বসিয়ে আমেরিকায় অবকাঠামো খাতে দুই ট্রিলিয়ন ডলারের উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা হাতে নিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এর বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেছেন রিপাবলিকানরা। সিনেটে রিপাবলিকান নেতা মিচ ম্যাককোনেল বলেছেন, এর প্রতিটি পদক্ষেপের বিরুদ্ধে লড়াই চালানো হবে। কারণ এটা করার অধিকার প্রেসিডেন্ট বাইডেনের নেই। খবর রয়টার্সের

আগামী আট বছরে বিপুল পরিমাণ অর্থ খরচ করে আমেরিকার অবকাঠামো খাতে বড় ধরনের পরিবর্তন আনতে চাইছেন জো বাইডেন। তিনি বলেছেন, সাধারণ মানুষের ওপর বাড়তি কর চাপানো হবে না। যাদের আয় ৪ লাখ ডলার বা তার বেশি, তাদের করের হার ২১ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ করা হবে। আর কর ব্যবস্থার ফাঁকগুলোও বন্ধ করা হবে। ট্রাম্প ক্ষমতায় এসে বড়লোকদের ওপর কর কমিয়ে দিয়েছিলেন। বাইডেন সেটা আবার বাড়িয়ে অবকাঠামো খাতে উন্নতির খরচ জোগাড় করতে চান।

বাইডেনের বক্তব্য, তার এই পরিকল্পনা হলো ‘ওয়ানস ইন আ জেনারেশন প্ল্যান’, মানে এক প্রজন্মে একবারই এই ধরনের যোজনা নেওয়া হয় বা নেওয়া যায়। চীন এখন অর্থনীতির ক্ষেত্রে দ্রুত এগিয়ে আসছে। তার মোকাবিলায় মার্কিন অর্থনীতিও বাড়বে। প্রচুর কর্মসংস্থান হবে। অবকাঠামোর উন্নতি হবে। বাইডেনের পরিকল্পনায় আমেরিকানদের কর্মসংস্থান বাড়বে বলে প্রশাসন মনে করছে। তবে একদিন পরই সিনেটে রিপাবলিকান নেতা মিচ ম্যাককোনেলের সমালোচনা করে বলেছেন, রিপাবলিকানরা এই প্রস্তাবকে সমর্থন করে না এবং বিরোধিতা করা হবে প্রতিটি পদক্ষেপে। তিনি বলেন, জনগণ প্রেসিডেন্ট বাইডেনকে এমন পরিকল্পনা গ্রহণের অধিকার দেয়নি। কেনটাকি অঙ্গরাজ্যের ওয়েনসবোরোতে এক সংবাদ সম্মেলনে ম্যাককোনেল দাবি করেন, আমেরিকানদের জন্য এই পরিকল্পনা একটি ভুল প্রেসক্রিপশন। কেবল রিপাবলিকান নয়, প্রতিনিধি পরিষদের শীর্ষ ডেমোক্র্যাট রিচার্ড নিয়েল বলেছেন, বাইডেনের পরিকল্পনায় কর নীতিতে পরিবর্তন আনবেন আইনপ্রণেতারা। তিনি জানান, প্রেসিডেন্টের কিছু প্রস্তাব গ্রহণ করা হবে।