রূপগঞ্জ উপজেলার কাঞ্চন সলিমউদ্দিন চৌধুরী কলেজের ছাত্র রাকিবুল ইসলাম রিয়ন হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে গতকাল সকালে মানববন্ধন করা হয়েছে। ঢাকা বাইপাস সড়কের রূপগঞ্জের কাঞ্চন ব্রিজ এলাকায় এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে সলিমউদ্দিন চৌধুরী কলেজসহ আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, এলাকাবাসীসহ স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধন পূর্বক আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জনতা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য অলিউল্লাহ মীর। সভায় বক্তব্য রাখেন জনতা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আতাউর রহমান আফজল, নিগাস সুলতানা, স্থানীয় মহিলা লীগ নেত্রী পারভীন আক্তার, শিক্ষক নূর মোহাম্মদ, কলেজছাত্র ফাহিম বাদশা, তুহিন, তানভীর মোল্লা, রাসেল মোল্লা, রাকিব মোল্লা, রিয়নের দাদা মো. শাহজাহান প্রমুখ।
উল্লেখ, গত ২৭ মার্চ জমি সংক্রান্ত ও পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা দিনদুপুরে কুপিয়ে হত্যা করে রিয়নকে। এ ঘটনায় রিয়নের মা জোসনা বেগম বাদী হয়ে ১৯ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পুুলিশ এজাহার নামীয় চার জন আসামিকে গ্রেফতার করে।
