৩ দিনের কঠোর লকডাউন শুরু ইতালিতে

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ০৯:৪৪

খ্রিস্ট ধর্মের অন্যতম উৎসব ইস্টারের ছুটিকে কেন্দ্র করে তিনদিনের কঠোর লকডাউন শুরু হয়েছে ইতালিতে। করোনা ভাইরাসের থার্ড ওয়েভ বা তৃতীয় ঢেউ নিয়ন্ত্রণ করতেই এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। শনিবার (৩ এপ্রিল) এ খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। 

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে গড়ে প্রতিদিন প্রায় ২০ হাজার করোনা রোগী শনাক্ত হচ্ছে। ইস্টার লকডাউনে অপ্রয়োজনীয় চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে নাগরিকদের নিজ বাড়িতে আরও দু'জনের সাথে ইস্টারের খাবার খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

গির্জাগুলোও খোলা থাকছে। তবে যাজকরা নিজ এলাকার বাইরে সেবা দিতে পারবেন না। ইতালির এসব নিষেধাজ্ঞা এমন সময়ে এলো যখন পুরো ইউরোপ করোনা সামলাতে পর্যুদস্ত হচ্ছে। করোনায় দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন এক লাখ ১০ হাজার ৩২৮ জন, মোট আক্রান্ত হয়েছেন ৩৬ লাখেরও বেশি মানুষ।

ইত্তেফাক/এসএ