অমিতাভের সঙ্গে কাজের সুযোগ পাওয়া সৌভাগ্যের

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ২০:৫৮

বিনোদন ডেস্ক

 

কিছুদিন আগেই বলিউডে যাত্রা শুরু করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা রেশমিকা ম্যানডানা। প্রথম সিনেমা ‘মিশন মনজু’ মুক্তি অপেক্ষায় রয়েছে। তবে এরইমাঝে নতুন সুখবরে শিরোনামে এলেন এই নবাগতা। ক্যারিয়ারের দ্বিতীয় বলি-সিনেমাতেই বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত তিনি। নিজের ক্যারিয়ারে এটি স্বপ্নের মতো বলে মনে করছেন তিনি। জানা গেছে, রেশমিকা ‘গুডবাই’ শিরোনামের একটি সিনেমাতে এরইমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন। এই সিনেমাতেই অমিতাভের সঙ্গে দেখা যাবে তাকে। অমিতাভের সঙ্গে কাজ প্রসঙ্গে রেশমিকা বলেন, ‘আমি কখনো ভাবিনি এত তাড়াতাড়ি অমিতাভ স্যারের সঙ্গে অভিনয়ের সুযোগ পাবো। ওনার সঙ্গে কাজের সুযোগ পাওয়া অনেক সৌভাগ্যের। শুটিং শুরুর অপেক্ষায় আছি। নিশ্চয় মনে রাখার মতো একটি কাজ হবে। পাশাপাশি অনেক ভালো অভিজ্ঞতা যোগ করতে পারবো নিজের ক্যারিয়ারে। আমি মনে করি শুধু স্ক্রিন শেয়ার নয়, ওনার কাছ থেকে অনেককিছু শিখতে পারবো। সত্যি আমি অনেক বেশি নার্ভাস আর উচ্ছ্বসিত এমন সুযোগ পেয়ে। মনে রাখার মতো একটি সিনেমা উপহার দিতে আমার জন্য এটা অনেক বড় সুযোগ। সিনেমাটি আমাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।’