বাইডেনের জলবায়ু সম্মেলনে দাওয়াত না পাওয়ায় বিস্মিত ইমরান খান

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ২১:০২

আগামী ২২-২৩ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আহ্বানে জলবায়ু বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। করোনার কারণে এ বছর এটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে ইতোমধ্যে ৪০টি দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। যেখানে ভারত ও বাংলাদেশ থাকলেও নাম নেই পাকিস্তানের। এ নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে।

এতদিন বিষয়টি নিয়ে চুপ ছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। অবশেষে আজ শনিবার (৩ এপ্রিল) নিরবতা ভাঙলেন তিনি। ইস্যুটি নিয়ে বেশ কয়েকটি টুইট করেছেন। বলেছেন, আমন্ত্রণের তালিকা থেকে বাদ পরার কারণ তিনি এখনও বুঝতে পারছেন না।

এক টুইট বার্তায় ইমরান খান বলেন, জলবায়ু বিষয়ক সম্মেলন পাকিস্তানকে দাওয়াত না দেওয়ায় আমি বিস্মিত। এ খবর প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

‌'জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাস করতে এবং পরিষ্কার ও সবুজ পাকিস্তান গড়ে তুলতে দেশের পরিবেশ নীতি পরিচালিত হয়। এক্ষেত্রে ভবিষ্যত প্রজন্মের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।'

তিনি বলেন, সবুজ পার্ক নির্মানে সরকারের ১০ বিলিয়ন বৃক্ষরোপণ করার উদ্যোগ, প্রকৃতি ভিত্তিক সমাধান, নদীগুলো পরিষ্কার এবং বন পুনরুদ্ধারের জন্য ব্যাপক চারা লাগানোর লক্ষ্য নিয়ে পাকিস্তান কাজ করছে। আমাদের এসব নীতি সর্বমহলে স্বীকৃত ও প্রশংসিত হচ্ছে।

এদিকে, জলবায়ু বিষয়ক আসন্ন সম্মেলন উপলক্ষে আগামী ৯ এপ্রিল ঢাকায় আসছেন হোয়াইট হাউজের জলবায়ু বিষয়ক উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। একই সময়ে তিনি ভারত ও আমিরাত সফরেও যাবেন। তবে পাকিস্তানে যাওয়া থেকে বিরত থাকবেন এই কূটনীতিক।

ইত্তেফাক/টিএ