আলজাজিরা
শরণার্থী বোঝাই নৌকা গ্রিসের জলসীমায় ঠেলে দিয়ে তুরস্ক উত্তেজনা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে এথেন্স। তবে গ্রিসের এই অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে তুরস্ক।
ভূমধ্যসাগরের জ্বালানি সম্পদ থেকে শুরু করে বেশকিছু ইস্যুতে বিরোধ রয়েছে গ্রিস ও তুরস্কের। গত বছর গ্রিসের স্থল সীমান্তে তুরস্ক হাজার হাজার অভিবাসন প্রত্যাসীকে সমবেত করলে দুই ন্যাটো মিত্রের মধ্যে উত্তেজনা আরো বেড়ে যায়। গ্রিসের অভিবাসন মন্ত্রী নোতিস মিতারাসি জানিয়েছেন, শুক্রবার এথেন্সের জলসীমায় শরণার্থী বোঝাই নৌকা ঢোকানোর বেশ কয়েকটি প্রচেষ্টা প্রতিহত করেছে তাদের কোস্ট গার্ড। তুরস্কের কোস্ট গার্ড ও নৌবাহিনী এই প্রচেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এই ঘটনাকে উসকানি বলে অভিহিত করেন তিনি। তিনি বলেন, ‘নিঃসন্দেহে বলা যায় এসব অভিবাসী তুরস্ক উপকূল থেকে রওনা দিয়েছে আর ঘটনা হলো তুরস্ক তাদের সমর্থন করছে।’ এই ধরনের উসকানি’ বন্ধ করতে তুরস্কের প্রতি আহ্বান জানান তিনি।
গ্রিসের এই অভিযোগের জবাব এক টুইট বার্তায় দিয়েছেন তুরস্কের ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী ইসমাইল কাটাকলি। তিনি দাবি করেন, গ্রিস ঘটনার ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে আর মিথ্যা বলছে। কাটাকলি পালটা অভিযোগ তুলে বলেন, গ্রিস শুক্রবার সাতটি ঘটনার মাধ্যমে ২৩১ জন শরণার্থীকে ফেরত পাঠানোর চেষ্টা করলে তুরস্ক তাদের উদ্ধার করেছে।
