তীব্র হচ্ছে যানজট
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় সব সড়কেই ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা বাড়ছে। এসব রিকশা শহর ও গ্রামগঞ্জের সড়কে দাপটের সঙ্গে চলছে বলে স্থানীয়রা জানান। অনুমোদনহীন এসব ব্যাটারিচালিত অটোরিকশার কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।
দেখা গেছে, এক সময় জেলা শহরে শুধু পায়েচালিত রিকশা যাত্রী নিয়ে চলাচল করত। গত কয়েক বছরে শহরে ব্যাটারিচালিত অটোরিকশা আসতে থাকে এবং জেলা শহরে প্রায় ৪ হাজার অটোরিকশা চলত। কিন্তু জনগণের চাপে পৌরসভা শহর থেকে ৮০০ অটোরিকশা কমিয়ে দেওয়া হয়। অটোরিকশা কয়েক দিন নিয়ন্ত্রণে থাকলেও এখন আবার ব্যাটারিচালিত এক ধরনের রিকশা প্রতিদিনই বাড়ছে।
নেত্রকোনা সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ এমরান বলেন, ‘শহরে যানজট কমাতে হলে ব্যাটারিচালিত অটোরিকশা কমাতে হবে। অথবা দিনে-রাতে ভাগ করে দিতে হবে।’ পৌরসভার মেয়র নজরুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘ইতিমধ্যে নতুন লাইসেন্স প্রদান বন্ধ করা হয়েছে। বেআইনিভাবে রিকশা বা অটো চলাচলেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরো বলেন, ‘বেআইনি যান চলাচল বন্ধের জন্য প্রশাসনকেও এগিয়ে আসতে হবে। জনগণ অবিলম্বে শহরকে যানজটমুক্ত করতে বেআইনি অটো বন্ধের দাবি জানিয়েছে।’
