ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহে ২০ কেজি গাঁজাসহ মহসিন আলি নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয়েছে একটি পিকআপ ভ্যান। শনিবার ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ভেটেরিনারি কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার হামিরদী গ্রামের হারুন মাতুব্বরের ছেলে। ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ভেটেরিনারি কলেজের সামনে চেকপোস্ট বসায় পুলিশ। এসময় সন্দেহ হলে একটি পিকআপ ভ্যানের গতিরোধ করলে দুই জন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে মহসীন আলিকে গ্রেফতার করে। পরে গাড়ি তল্লাশি করে উদ্ধার করা হয় ২০ কেজি গাঁজা। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় মামলা হয়েছে।
