স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রবিউল ইসলাম (৩০) নামের পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসের বিজ্ঞান ভবনের পেছনে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম বগুড়া পুলিশ লাইনসে কর্মরত। তাকে শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়ার স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, আহত রবিউল ঘটনার পরই আমাদের জানালে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। তার মুখে ও ঠোঁটে ছুরিকাঘাত করা হয়েছে। কাটা স্থানে মোট ১৩টি সেলাই করতে হয়েছে। আহত রবিউল জানিয়েছেন, চার থেকে পাঁচ জন যুবক তার ওপর অতর্কিত হামলা করেন। তবে কেন এ হামলা হয়েছে তিনি তা নিশ্চিত হতে পারেননি। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফয়সাল মাহমুদ জানান, রবিউল আজিজুল হক কলেজে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় অজ্ঞাত কয়েক জন তার ওপর হামলা করেছে। তবে কেন এ হামলা হয়েছে তা এখনো আমরা নিশ্চিত নই। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে আমাদের কয়েকটি টিম কাজ করছে।
