ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ঢাকাগামী নৈশকোচ থেকে ভারতীয় ৪০ বোতল ফেনসিডিলসহ সুপারভাইজারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৮টার ফুলবাড়ী-টু-নাগেশ্বরী সড়কে ব্র্যাক মোড় এলাকায় নৈশকোচটি ছাড়ার সময় পুলিশ থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ট্রাভেল ব্যাগে রাখা ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে। ট্রাভেল ব্যাগটি কোনো যাত্রীর নামে এন্ট্রি না থাকায় বাসের সুপারভাইজারকে গ্রেফতার করে ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়। গ্রেফতারকৃত সুপারভাইজার হলেন রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার রামপুরা গ্রামের বাসিন্দা আসাদুজ্জামান ফয়সাল। এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, আসামিকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে। নৈশকোচটি জব্দ করে থানায় রাখা হয়েছে।
