স্পোর্টস ডেস্ক
সেন্টার-ব্যাক থিয়াগো সিলভা দ্বিতীয় হলুদ কার্ড দেখায় প্রথমার্ধেই ১০ জনে নেমে যাওয়া চেলসির জালে গতকাল পাঁচবার বল জড়িয়েছে অবনমন লড়াইয়ে থাকা ওয়েস্ট ব্রম আলবিয়ন। লিগে ঘরের মাঠে ‘পুঁচকে’ ওয়েস্ট ব্রমের কাছে ২-৫ গোলে হেরেই চেলসি ম্যানেজার হিসেবে প্রথম পরাজয়ের স্বাদ নিলেন টমাস টুখেল।
আন্তর্জাতিক ম্যাচের বিরতি শেষে এই ম্যাচ দিয়েই গতকাল মাঠে গড়িয়েছে প্রিমিয়ার লিগ। স্ট্যামফোর্ড ব্রিজে শুরুতে দুই দলই খেলছিল সমান সমান। ২৭ মিনিটে ক্রিশ্চিয়ান পুলিসিকের গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। কিন্তু ২৯ মিনিটের মধ্যে থিয়াগো সিলভা দুইবার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে বিপাকে পড়ে চেলসি। এরপর একজন ডিফেন্ডার কমিয়ে স্ট্রাইকার ক্যালাম রবিনসনকে নামান ওয়েস্ট ব্রম ম্যানেজার স্যাম অ্যালাডাইস। বাড়তি একজন এটাকারকে নিয়ে ১০ জনের চেলসিকে প্রায় নাজেহাল করে ছাড়ে ব্যাগিরা। প্রথমার্ধের যোগ করা সময়েই দুইবার জাল-ভেদ করেন ওয়েস্ট ব্রম উইঙ্গার ম্যাথুস পেরেইরা, ক্রসবারের জন্য বঞ্চিত হন হ্যাটট্রিক থেকে। দ্বিতীয়ার্ধে চেলসি একটি গোল শোধ করলেও আরো তিনবার জাল-ভেদ করে ব্যাগিরা। পেরেইরার পাশাপাশি জোড়া গোল পেয়েছেন বদলি নামা রবিনসনও। জানুয়ারিতে ফ্র্যাক ল্যাম্পার্ডের কাছ থেকে টমাস টুখেল দায়িত্ব নেওয়ার পর ১৪ ম্যাচ ধরে অপরাজিত ছিল চেলসি। তবে গতকালের এই পরাজয়ের পরও টেবিলের চারেই থাকছে লন্ডনের নীল শিবির। ওদিকে, এই জয়ের পরও টেবিলের ১৯তম স্থানেই থাকছে স্যাম অ্যালাডাইসের দল। ১৮তে থাকা ফুলহামের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান এখন ৫।
