প্রথম ওয়ানডে আজ
স্পোর্টস রিপোর্টার
করোনা ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে দেশ জুড়ে। করোনার কারণে ইতিমধ্যে স্থগিত হয়ে গেছে বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। তবে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের বিরুদ্ধে বাংলাদেশ ইমার্জিং নারী দলের হোম সিরিজ পূর্ব সূচি অনুযায়ী মাঠে গড়াচ্ছে আজ। বিসিবির উইমেন্স উইংয়ের ইনচার্জ তৌহিদ মাহমুদ গতকাল বলেছেন, কাল (আজ) প্রথম ওয়ানডের জন্য আমরা সব রকম প্রস্তুতি নিয়েছি। আমাদের সিরিজ এখনো পর্যন্ত বহাল আছে। দুই দলই জৈব সুরক্ষা বলয়ে রয়েছে।
গত ২৮ মার্চ বাংলাদেশ সফরে আসা প্রোটিয়া নারী দল পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে স্বাগতিকদের বিরুদ্ধে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
সালমা খাতুন, জাহানারা আলম, রুমানা আহমেদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা দলে থাকলেও প্রোটিয়াদের বিপক্ষে হোম সিরিজে বাংলাদেশ ইমার্জিং নারী দলকে নেতৃত্ব দিবেন নিগার সুলতানা জ্যোতি। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের ম্যাচ দিয়ে করোনার লম্বা বিরতির পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিল বাংলাদেশের নারী ক্রিকেটাররা। এবার কয়েক সপ্তাহের প্রস্তুতি শেষে হোম সিরিজ খেলতে নামছেন তারা।
সিলেটে সিরিজের বাকি চারটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ৬, ৮, ১১ ও ১৩ এপ্রিল। ১৪ এপ্রিল বাংলাদেশ ছাড়বে সফরকারী প্রোটিয়ারা।
