গ্রন্থাগারটির সংস্কার প্রয়োজন

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ২২:৪২

চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় একটি গ্রন্থাগার রয়েছে। এর সংস্কার কিংবা রক্ষণাবেক্ষণ জরুরি। গ্রন্থাগারটি দেখে মনে হবে অনেক পুরনো। সেখানে কোনো পাঠক বই পড়তে যায় না। অথচ লেখা আছে—

পাঠাগারে আসুন

বই পড়ুন, পত্রিকা পড়ুন

জ্ঞান অর্জন করুন।

বাংলাদেশের প্রতিটি উপজেলায় পাবলিক লাইব্রেরি রয়েছে। যেগুলো মানুষের জ্ঞানতৃষ্ণা মিটিয়ে থাকে। কচুয়া উপজেলার গ্রন্থাগারটির সংস্কার প্রয়োজন হয়ে পড়েছে। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের উপজেলার শিক্ষার হার বাড়াতে গ্রন্থাগারটি ব্যাপক ভূমিকা রাখবে। তাছাড়া শিশুদের নিয়মিত বই পড়ার ব্যবস্থা করতে হবে। যে তরুণসমাজ দেশের ভবিষ্যতের কর্ণধার, তারা বাইরের বই পড়ার ব্যাপারে উদাসীন। গ্রন্থাগারটি সংস্কার করা হলে কচুয়ায় শিক্ষিত সমাজ প্রতিষ্ঠায় ব্যাপক ভূমিকা রাখবে সন্দেহ নেই। বিষয়টি অতীব জরুরি।

মো. আকিব হোসাইন

কচুয়া, চাঁদপুর