পানি ছাড়া একদিনও পার করা অকল্পনীয়। সুস্থভাবে বেঁচে থাকার জন্য বিশুদ্ধ পানির বিকল্প নেই। এই পানির সন্ধানে কুষ্টিয়া শহরের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মানুষকে ছুটতে হচ্ছে শহরের বিভিন্ন স্থানে স্থাপিত এক টিউবওয়েল থেকে অন্য টিউওবয়েলে। তবু যেন তাদের ভোগান্তির শেষ নেই। একদিকে টিউবওয়েল থেকে ঠিকমতো পানি উঠছে না, অন্যদিকে অত্যধিক মানুষের চাপে টিউবওয়েলগুলো বারবার নষ্ট হয়ে যাচ্ছে। টিউবওয়েল থেকে যে বিশুদ্ধ পানি আসবে সেই নিশ্চয়তাও নেই। আবার ফিল্টারের মাধ্যমে পানি বিশুদ্ধ করে পান করার সুযোগ ও সামর্থ্যও তাদের নেই। এর ফলে পানির জন্য তাঁদের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে এবং উপায় না পেয়ে দূষিত পানি পান করায় পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। এই ভোগান্তি লাঘবে যদি কর্তৃপক্ষ শহরের জনবহুল স্থানগুলোতে পানি উত্তোলন এবং ফিল্টারিংয়ের ব্যবস্থা করেন, তাহলে জনগণ সহজেই প্রয়োজনীয় বিশুদ্ধ খাবার পানি সংগ্রহ করতে পারবে। এই বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. রাসেল মিয়া
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
