সুনামগঞ্জ সরকারি কলেজে পড়ালেখা করে হাওরাঞ্চলের শিক্ষার্থীরা। এই কলেজে আগে একটি মুসলিম ছাত্রাবাস ছিল। সেটাকে ভেঙে ছাত্রাবাস নির্মাণের কথা থাকলেও নির্মাণের পর এটা ছাত্রীদের জন্য বরাদ্দ করা হয়েছে। ছাত্রীদের জন্য সুখবর হলেও আশায় বুক ভেঙেছে ছাত্রদের। এখন সুনামগঞ্জ সরকারি কলেজে দুটি ছাত্রীবাস রয়েছে এবং একটি হিন্দু ছাত্রাবাসও রয়েছে। তবে হিন্দু ছাত্রাবাসটিতে পর্যাপ্ত ছাত্র থাকার সুবিধা নেই। অজপাড়াগাঁয়ের ছাত্ররা সুনামগঞ্জ সরকারি কলেজে ভর্তি হতে চায়। কিন্তু হাওরাঞ্চল ছাত্রদের মেসে থেকে শহরে লেখাপড়া করাটা ব্যয়বহুল। যার ফলে অনেক গরিব অসহায় মেধাবী ছাত্র ঐ কলেজে ভর্তি হতে পারে না। তাই অনেক ছাত্রের স্বপ্ন এভাবেই ঝরে যায়। শিক্ষার মান উন্নয়ন করতে হলে ছাত্রাবাস নির্মাণে কোনো বিকল্প নেই। পরিশেষে, শীঘ্রই সুনামগঞ্জ সরকারি কলেজে ছাত্রবাস নির্মাণের ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আসাদ বিন সফিক
শিক্ষার্থী, সুনামগঞ্জ সরকারি কলেজ
