এনটিআরসিএ কর্তৃক অর্জিত এবতেদায়ী প্রধান পদের সনদ

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ২২:৪৩

সম্প্রতি এনটিআরসিএ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য ৩য় গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যা সর্বশেষ প্রকাশ হয়েছিল ২০১৮ সালের ডিসেম্বরে। দীর্ঘদিন পর গণবিজ্ঞপ্তি প্রকাশের পর নিবন্ধিত প্রার্থীদের মনে আনন্দের হাওয়া বইছে। কিন্তু মাদ্রাসা শিক্ষায় এবতেদায়ী প্রধান পদে এনটিআরসিএ কর্তৃক সনদ অর্জনকারীরা দুশ্চিন্তাগ্রস্ত। ২০১৮ সালের গণবিজ্ঞপ্তিতে এবতেদায়ী প্রধান পদ থাকলেও ২০২১ সালের গণবিজ্ঞপ্তিতে সেই পদ নেই। এতে এবতেদায়ী প্রধান পদে সনদ অর্জনকারী প্রার্থীরা হতাশ। জীবনভর লেখাপড়া করে শিক্ষক হওয়ার জন্য এনটিআরসিএ কর্তৃক সনদ অর্জন করেও যদি আবেদন করার সুযোগটাও না থাকে তাহলে এনটিআরসিএ কেন এই পদবির পরীক্ষা নিলেন? এখন এই সনদেরই বা কী মূল্য? এই পদে এনটিআরসিএর পরীক্ষা নামক যুদ্ধে অংশ নিয়ে কি আমরা ভুল করেছি? এই পদে আবেদনের সুযোগ না থাকলে সনদটি কী কাজে লাগবে? আমাদের দিকে তাকিয়ে এবতেদায়ী প্রধান পদটি গণবিজ্ঞপ্তিতে সংযুক্ত করলে দেশের কিছু বেকার মেধাবীর কর্মসংস্থান হবে। হাসি ফোটাতে পারবে পরিবারের।

আজিনুর রহমান

চাপানী হাট, ডিমলা, নীলফামারী