মুন্সীগঞ্জে ৫ হাজার ৮০০ কেজি জাটকাসহ ট্রলার আটক

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ২২:৪৪

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে ৫ হজার ৮০০ কেজি জাটকাসহ একটি ট্রলার আটক করেছে নৌ-পুলিশ। গতকাল শনিবার সকালে ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে কাঠপট্টি গুদারাঘাটের কাছ থেকে ৫ হাজার ৮০০ কেজি জাটকা উদ্ধার করেছে। উদ্ধারকৃত জাটকার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ১৭ লাখ টাকা। জাটকা পরিবহনে ব্যবহূত একটি ট্রলারও আটক করা হয়েছে।

মুক্তারপুর নৌ-পুলিশ স্টেশনের ইনচার্জ মো. কবির হোসেন খান জানান, ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে জাটকা উদ্ধার ও জাটকা বহনকারী ট্রলারটি আটক করা হয়েছে। পুলিশের সিগনাল অমান্য করে ১১৫ সিসির দ্রুত গতির ট্রলারটি কাঠপট্টি লঞ্চ ঘাটের পাশে দিয়ে একটি খালে ঢুকে ট্রলার থামিয়ে চালক ও  জাটকার সঙ্গে জড়িতরা পালিয়ে যায়। পরে উদ্ধার করা জাটকা মুন্সীগঞ্জ সদর উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মো. টিপু সুলতানের উপস্থিতিতে মাদ্রাসার লিল্লাহ বডিং, এতিমখানা ও দরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করা হয়। আটক করা ট্রলারটি নৌ-পুলিশের হেফাজতে রয়েছে।