স্ত্রী ও সন্তান হন্তা গ্রেফতার

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ২২:৪৪

ইত্তেফাক রিপোর্ট

বনানীতে স্ত্রী ও পাঁচ বছরের শিশুসন্তানকে খুনের ঘটনায় প্রধান আসামি রুবেলকে তুরাগ থেকে গ্রেফতার করেছে র্যাব। গত ২৩ মার্চ রাত ২টা থেকে ভোর ৬টার মধ্যে যে কোনো সময় পারিবারিক কলহের জের ধরে হাসি খাতুন (২৪) ও তার সন্তান নিরবকে (৫) দুর্বৃত্তরা হত্যা করে পালিয়ে যায়। পরে হাসির বাবা বাদী হয়ে বনানী থানায় হত্যামামলা দায়ের করেন।

র্যাব-১-এর এএসপি মুশফিকুর রহমান তুষার জানান, গ্রেফতারকৃত আসামি রুবেল রাজমিস্ত্রির কাজ করেন। সাত বছর পূর্বে হাসি খাতুনকে বিয়ে করে বনানী থানার কড়াইল এলাকায় বসবাস করতেন। তাদের একমাত্র ছেলেসন্তান নিরব। পাঁচ মাস আগে রুবেল স্ত্রী-সন্তান নিয়ে কুমিল্লা জেলার ইলাসপুর এলাকায় তার গ্রামের বাড়িতে বসবাস শুরু করেন। রুবেল তার স্ত্রীর ওপর প্রায়ই নির্যাতন চালাতেন। নির্যাতন ও অত্যাচার সহ্য করতে না পেরে হাসি গত ১৯ মার্চ তাদের একমাত্র সন্তান নিরবকে নিয়ে তার বাবার বাড়ি কড়াইল বৌবাজার এলাকায় চলে আসেন। পরে রুবেল ২২ মার্চ হাসিকে নিজ বাসায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বাবার বাড়িতে আসেন। স্বামীর সঙ্গে যেতে না চাইলে হাসি ও নিরবকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়।