বিশেষ প্রতিনিধি
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কারাবন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাত্ আবার সম্পূর্ণ বন্ধ করা হয়েছে। তবে স্বজনদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে পারবেন বন্দিরা। কারা অধিদপ্তর থেকে বিশেষ বার্তার মাধ্যমে দেশের ৬৮টি কারাগারে বিষয়টি অবহিত করা হয়েছে। গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন। কারাপ্রধান বলেন, পরিস্থিতি ভালো হলে আবারও স্বজনদের সঙ্গে সাক্ষাত্ করতে পারবেন বন্দিরা। তবে আগের মতোনই নিয়ম অনুযায়ী সাধারণ বন্দিরা তাদের স্বজনদের সঙ্গে টেলিফোনে কথা বলতে পারবেন। সেটা ৮ থেকে বাড়িয়ে এখন ১০ মিনিট করা হয়েছে। গত বছর করোনা পরিস্থিতির কারণে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাত্কার বন্ধ করা হয়েছিল।
