কঠোরভাবে লকডাউন বাস্তবায়নের নির্দেশনা তাপসের

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ২২:৪৬

ইত্তেফাক রিপোর্ট

সারা দেশে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। সেই ঘোষণা মোতাবেক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় কঠোরভাবে লকডাউন বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল সন্ধ্যায় শেখ তাপস করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নূরীকে কেন্দ্রীয় কারিগরি কমিটির সুপারিশ ও স্বাস্থ্য অধিদপ্তরসহ সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় রেখে সে অনুয়ায়ী ডিএসসিসির করণীয় নির্ধারণপূর্বক কঠোরভাবে লকডাউন বাস্তবায়নের নির্দেশনা দেন।

লকডাউন বাস্তবায়নে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, ‘ইতিমধ্যে মেয়র করোনা ভাইরাস প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় কারিগরি কমিটি, স্বাস্থ্য অধিদপ্তরসহ সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় রেখে সরকারঘোষিত লকডাউন কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন। সে লক্ষ্যে আমরা কার্যক্রম শুরু করতে যাচ্ছি। এ নিয়ে একাধিক দাপ্তরিক সভা রয়েছে। সভার পরে আমরা গণমাধ্যমকে সার্বিক বিষয়াদি অবহিত করব।’ প্রধান নির্বাহী কর্মকর্তা আরো বলেন, ‘স্থানীয় সরকার বিভাগের সচিবের সঙ্গে লকডাউন বাস্তবায়নে করণীয় নির্ধারণ করতে আমাদের এক অনলাইন বৈঠক রয়েছে। সেখানেও আমরা প্রয়োজনীয় দিকনির্দেশনা পাব বলে আশা করছি।’