সিলেটে সব প্রতিষ্ঠান রাত ৯টার মধ্যে বন্ধের নির্দেশনা

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ২২:৫৫

সর্বোচ্চ শনাক্তের রেকর্ড

সিলেট অফিস

করোনা ভাইরাসের প্রকোপ নতুন করে বাড়তে শুরু করেছে প্রবাসী অধ্যুষিত সিলেটেও। শুক্রবার সিলেট জেলায় ৮০ জনসহ এ বিভাগে এক দিনেই ১১৬ জন  করোনায় আক্রান্ত হন। যা দ্বিতীয় ঢেউয়ে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড। এছাড়া গতকাল শনিবার জেলায় ওসমানী হাসপাতালের নার্স নূরুল ইসলাম (৫০) ও অন্য এক জনসহ গত পাঁচ দিনে আট জনের মৃত্যু হয়েছে।  সিলেট বিভাগে গত বছর মার্চ থেকে এ পর্যন্ত ২৯২ জন করোনা ভাইরাসে মারা যান। শুরু থেকে এ  পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ৬০৭ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ। এদিকে করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শুক্রবার থেকেই রাত ৯টার মধ্যে সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক। শুধু ওষুধের দোকান  খোলা রাখা যাবে। এছাড়া ১১টি বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এম কাজী এমদাদুল ইসলাম এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আগামী দুই সপ্তাহ পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে। অমান্য করলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে জেলা প্রশাসন।