নিজেদের সুরক্ষায় সবার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করাই এখন মূল কাজ :কাদের

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ২৩:০৬

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, করোনা সংক্রমণ ও মৃত্যুর হার দ্রুত বেড়ে যাওয়ায় সবার স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরা জরুরি। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে, কিন্তু এখনো অনেকেই মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধির প্রতি অনিহা দেখাচ্ছে, যা প্রকারান্তরে ভয়াবহ পরিস্থিতি নিয়ে আসতে পারে। নিজেদের সুরক্ষায় সবার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করাই এখন মূল কাজ। বিএনপি যে নেতিবাচক ভাইরাসে আক্রান্ত তা করোনার চেয়েও ভয়াবহ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, করোনা মহামারিতে বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে ঘরে বসে মিডিয়ায় ঝড় তোলা আর সরকারের অন্ধ সমালোচনা করছে।

গতকাল শনিবার সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন।

সরকারের ব্যর্থতা খোঁজা বিএনপির রোজনামচা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হয়েও দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর ন্যূনতম মূল্যবোধও তারা হারিয়ে ফেলেছে। ওবায়দুল কাদের বলেন, জনগণের সম্পদ বিনষ্ট আর নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে বিএনপি এবং তার সহযোগীরা যে তাণ্ডবলীলা চালিয়েছে তার জন্য বিএনপিকেই জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আন্দোলনের নামে জনগণের ওপর প্রতিশোধ নেওয়াই এখন বিএনপির কৌশল।

রমজানে অহেতুক মূল্য বৃদ্ধি ও মজুতদারিতা নিয়ন্ত্রণে সরকার সতর্ক রয়েছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, রমজান এলেই এক শ্রেণির অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়ে দেয়, যা শাস্তিযোগ্য অপরাধ। ইতিমধ্যে সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণ করে দিয়েছে। তিনি বলেন, বাজার অস্থির করার যে কোনো অপপ্রয়াস সরকার মেনে নিবে না। কোনো ধরনের সিন্ডিকেটের কাছে সরকার বাজার ব্যবস্থাকে জিম্মি হতে দিবে না।