ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পুড়ে যাওয়া জিনিসপত্র এখনো অপসারণ করা হয়নি। নাগরিক সেবা কার্যক্রমও বন্ধ রয়েছে। রবিবার হেফাজতের হরতাল চলাকালে হামলা হয় পৌরসভায়। ভাঙচুর-অগ্নিসংযোগের পর চালানো হয় লুটপাট। পৌরসভার কর্মচারীরা জানিয়েছেন, ময়লা সরানোর বেলচাটা পর্যন্ত লুট হয়েছে। ঝাড়ু, টুকরি, শাবল, গামবুট, ব্লিচিং পাউডারের ড্রাম কোনো কিছুই নেই। গার্বেজ ট্রাক-ট্রলি ভাঙচুর-ধ্বংস করা হয়েছে। ৩০০ পোর্টেবল মোবাইল ডাস্টবিন, ২০০ পোর্টেবল হ্যান্ড ট্রলি এবং ২০টি রিকশা ভ্যান পুড়িয়ে দেওয়া হয়েছে। ফলে ময়লা-আবর্জনা অপসারণের কাজ বন্ধ তাদের।
পৌর সূত্র জানায়, স্বাধীনতা দিবসে প্রথম হামলা হয় পৌরসভার বঙ্গবন্ধু স্কয়ারে। সেখানে থাকা বঙ্গবন্ধুর তিনটি ম্যুরাল ভাঙচুর ছাড়াও স্কয়ারের ফোয়ারাতে থাকা ৯টি সাবমার্সিবল পাম্প আগুনে পোড়ানো হয়। পৌর মুক্তমঞ্চের গ্রানাইট পাথর, ৫০টি বৈদ্যুতিক খুঁটি, ২০টি ফ্লাড লাইট ভাঙচুর করা হয়। ২৮ মার্চ হরতাল চলাকালে হামলা হয় পৌরভবনে। ভাঙচুর-লুটপাটের পর আগুন ধরিয়ে দেওয়া হয় সেখানে। এতে চার তলা বিশিষ্ট পুরো পৌরভবনই ক্ষতিগ্রস্ত হয়। পৌরভবনের আসবাবপত্র সবই পুড়ে গেছে। আগুনে ছাই হয়ে গেছে সব রেকর্ডপত্র। পৌর কর্মকর্তারা জানান, ২০টি স্টিলের আলমারি, ২৫টি কাঠের আলমারি, ১৮টি ডেস্কটপ কম্পিউটার, পাঁচটি ল্যাপটপ, চারটি ফটোকপিয়ার মেশিন, ৩৪টি টেবিল, সাতটি সেক্রেটারিয়েট টেবিল, ১১৫টি চেয়ার, দুই টনের এসি পাঁচটি, স্বাস্থ্য শাখার ১২টি ডিপ ফ্রিজ, চারটি সাধারণ ফ্রিজ, সিলিং ফ্যান, স্টোরে রক্ষিত ১০ হাজার এলইডি বাতি, ৩ হাজার বাতি সেড, ৫০ কয়েল বৈদ্যুতিক তার, বিভিন্ন ধরনের ১৬টি গাড়ি, একটি মশক নিধন গাড়ি, হাইড্রোলিক বিম লিফটার একটি, এক্সকাভেটর একটি, ভান্ডারে রক্ষিত যানবাহনের খুচরা যন্ত্রাংশসহ বিভিন্ন মালামাল আগুনে পুড়ে গেছে বলে জানান তারা। পৌরসভায় সুর সম্র্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তন আগুনে ভস্মীভূত হয়েছে। মিলনায়তনের ৫০০ চেয়ার, ২০ সেট সোফা, ২০টি পাঁচ টনের এসি, ১০টি দুই টনের এসি এবং ১৫০টি সিলিং ফ্যান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির বলেন, হেফাজতের স্থানীয় কিছু নেতাকর্মী, বিএনপি-জামায়াত এবং সদ্য অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে আমার দুই প্রতিদ্বন্দ্বীকে নিয়ে এই হামলা চালানো হয়। ভাঙচুর-আগুনে আমাদের শত কোটি টাকার ক্ষতি হয়েছে। আমার বাসভবনেও হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। সেখানে নিচতলায় থাকা একটি ডিপার্টমেন্টাল স্টোরের মালামাল লুট করে নেওয়া হয়।
