ভুয়া নিয়োগপত্র দেয় প্রতারক চক্র, আটক-৩

৭ লাখ টাকা হাতিয়ে নিয়ে চাকরি প্রার্থীকে হত্যা

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ২৩:০৭

চাকরির প্রলোভন দিয়ে সাত লাখ টাকা হাতিয়ে নিয়ে পরিকল্পিতভাবে চাকরিপ্রার্থী এক যুবককে হত্যা করেছে একটি প্রতারক  চক্র। প্রতারক চক্রটি সরকারি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের  লোগোযুক্ত ভুয়া নিয়োগপত্র দিয়ে ঢাকায় এনে হত্যা করে সাগর ইসলাম (২৫) নামের এই যুবককে। ২৫ মার্চ নারায়ণগঞ্জের সোনাগাঁও উপজেলার বৈদ্যরবাজার-বারদী সড়কের খংশারদীর ব্রিজের নিচ থেকে পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের নন্দইল গ্রামের আবদুর রশিদের পুত্র সাগর ইসলামের লাশ উদ্ধারের পর এই চাঞ্চল্যকর ঘটনা বেরিয়ে এসেছে। এ ঘটনায় এ পর্যন্ত প্রতারক চক্রের তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সাগর ইসলামের বাবা আবদুর রশিদ জানান, প্রতিবেশী উচনা গ্রামের আবদুর রউফের মাধ্যমে একই উপজেলার হরেন্দা গ্রামের আফাজ উদ্দিনের পুত্র গোলাম রসুল মাস্টার ও মোহাম্মদ মাস্টারের ছেলে আবদুল আলিম এবং জয়পুরহাট শহরের হাসান বুক ডিপোর মালিক রবির সঙ্গে সাগরের পরিচয় হয়। এই পরিচয়ের সূত্র ধরে সাগরকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি দেওয়ার নামে তারা সাত লাখ টাকা নেয়। গোলাম রসুল মোবাইল ফোনে রশিদকে জানায়, তার ছেলের নিয়োগপত্র হয়েছে। আরো টাকা নিয়ে ঢাকায় আসতে হবে। ২৩ মার্চ রশিদ ছেলেকে নিয়ে ঢাকায় যান এবং পরের দিন ২৪ মার্চ ঢাকার আশুলিয়া থানার কালশি নামক স্থানে কর্নেল পরিচয় দানকারী মাসুদুর রহমান এবং সহকারী আবদুল হালিম নামক ব্যক্তির হাতে এক লাখ ১০ হাজার টাকা তুলে দেন। এসময় রশিদের হাতে তার ছেলের অফিস সহায়ক পদে ২৫ মার্চ যোগদানের শর্তে একটি নিয়োগপত্র প্রদান করা হয়। রশিদ তার ছেলের হাতে নিয়োগপত্রটি দিয়ে বাড়িতে চলে আসেন।

নারায়ণগঞ্জের সোনাগাঁও থানা পুলিশ ২৫ মার্চ সকালে বৈদ্যরবাজার-বারদী সড়কের খংশারদীর ব্রিজের নিচ থেকে অজ্ঞাতনামা লাশ হিসাবে সাগরকে উদ্ধার করে এবং লাশের ময়নাদন্ত শেষে সোনাগাঁও পৌর সরকারি কবরস্থানে দাফন করে। পুলিশ ঐদিনই বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এদিকে সোনারগাঁও থানা পুলিশ লাশের সঙ্গে একটি মোবাইল সিম পায়। এনআইডির সূত্রে সিমটির মালিক উপজেলার শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী কামরুজ্জামান কাবু। সোনারগাঁও থানা পুলিশ পাঁচবিবি থানায় পাঠানো তথ্যের সূত্র ধরে গত ১ এপ্রিল রাতে নিহত সাগরের পরিচয় পায়। পরিচয় সনাক্তের পর গতকাল শনিবার সকালে সাগরের পরিবার নারায়ণগঞ্জ সোনারগাঁও এর কবর থেকে লাশ উত্তোলনের পর পাঁচবিবির নিজ গ্রামে নিয়ে আসে। এদিকে গত ২৯ মার্চ গাজীপুর জেলার শ্রীপুর মডেল থানা পুলিশ রংপুরের মিঠাপুকুর উপজেলার কাঁঠালী নয়াপাড়া গ্রামের দবিরুল ইসলামের ছেলে কবির হাসান বাবু (২২) নামের অপর এক যুবকের লাশ শ্রীপুর সাফারি পার্ক থেকে উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে শ্রীপুর থানার এসআই সাদেকুল ইসলাম জানান, কবির হোসেন বাবুর মামলার সূত্র ধরে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার গালিমপুর গ্রামের রোস্তম আলীর ছেলে মাসুদুর রহমান (২৭) ও একই জেলার জালালপুর গ্রামের আবদুল হাকিমের ছেলে মো. আবদুল হালিম (৩৬)কে ২৯ মার্চ গ্রেফতার করা হয়। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, কবির হাসান বাবু ও পাঁচবিবির সাগর ইসলামকে তারা হত্যা করেছে।

সোনাগাঁও থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, এই জঘন্যতম হত্যার সঙ্গে ইতিমধ্যে যারা জড়িত, তাদের দুজনকে শ্রীপুর মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে এবং এবং বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া শুক্রবার রাত ১১টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি টিম পাঁচবিবি থানা পুলিশের সহযোগিতায় উপজেলার উচনা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে আবদুর রউফ (৫০)কে সাগর হত্যা মামলায় আটক করেছে।