জাতিসংঘের প্রতিনিধিদলের পর এবার রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে হাতিয়ার ভাসানচর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ১০ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা। গতকাল শনিবার বেলা ১১টার দিকে ভাসানচরে যান যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, তুরস্ক, জাপান, নেদারল্যান্ডস ও কানাডার রাষ্ট্রদূত ও হাইকমিশনার। পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরের আয়োজন করে। এ সময় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদলও ভাসানচরে উপস্থিত ছিল।
জানা যায়, বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত কূটনীতিকেরা ভাসানচরে অবস্থান করেন। এ সময় তারা ভাসানচরের ১ নম্বর ওয়্যারহাউজে রোহিঙ্গাদের সঙ্গে তাদের সুযোগ-সুবিধা, জীবনযাত্রার মানসহ সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং ভাসানচরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। ভাসানচর থানার ওসি মো. মাহে আলম জানান, ভাসানচর পরিদর্শন শেষে ১০ রাষ্ট্রদূত ও হাইকমিশনার ঢাকার উদ্দেশে যাত্রা করেন।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভাসানচরে সরকারের উদ্যোগে যে বৃহত্ উন্নয়ন ও মানবিক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, সেটাই রাষ্ট্রদূতদের দেখানোর উদ্দেশ্যে এই সফরের আয়োজন করা হয়। এর আগে গত ১৭ থেকে ২০ মার্চ ভাসানচর পরিদর্শন করে জাতিসংঘের একটি প্রতিনিধিদল। প্রসঙ্গত, এখন পর্যন্ত কক্সবাজারে রোহিঙ্গা শিবির থেকে ১৮ হাজার ৩৩৪ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরিত করা হয়েছে। মোট ১ লাখ রোহিঙ্গাকে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের।
