অবশেষে সুয়েজ খালে জাহাজজটের অবসান

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ২৩:০৮

মিশরের সুয়েজ খালে বিশাল কন্টেইনারবাহী জাহাজ এভার গিভেন আড়াআড়িভাবে আটকা পড়ে চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যে জাহাজ জট তৈরি হয়েছিল তার অবসান হয়েছে। গতকাল শনিবার এক বিবৃতিতে সুয়েজ খাল কর্তৃপক্ষ (এসসিএ) জানিয়েছে, ২৯ মার্চ রাত থেকে সুয়েজের জলপথে জাহাজ চলাচল শুরু হওয়ার পর শনিবারের মধ্যে জটে আটকে থাকা ৪২২টি জাহাজের সবগুলো খালটি পার হয়ে গেছে। ২৩ মার্চ সকালে মিশরের স্থানীয় সময় সকালে ৪০০ মিটার দৈর্ঘ্য, ৫৯ মিটার প্রশস্ত ও ২ লাখ ২০ হাজার টন কন্টেইনার বহনের ক্ষমতাসম্পন্ন জাহাজ এভার গিভেন প্রবল বাতাস ও ধূলি ঝড়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরে গিয়ে সুয়েজ খালের দক্ষিণাংশের সংকীর্ণ একক লেনে আড়াআড়িভাবে আটকে যায়, এতে জলপথটিতে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই ঘটনায় ব্যাপক ক্ষতির শিকার হয় শত শত জাহাজ। কারণ

বিপুল পরিমাণ পণ্য নিয়ে তারা সুয়েজ খালের অদূরে নোঙর করে থাকতে বাধ্য হয়।

এরপর প্রায় এক সপ্তাহ ধরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ঐ জলপথে জাহাজ চলাচল বন্ধ ছিল। ২৯ মার্চ সকালে উদ্ধারকারী টাগবোটগুলো এভার গিভেনকে পাড়ের চড়া থেকে নামিয়ে ফের ভাসাতে সক্ষম হলে সুয়েজ খাল উন্মুক্ত হয়। ঐ দিন রাত থেকে লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে সংযোগকারী খালটিতে জাহাজ চলাচল ফের শুরু হয়। এভার গিভেন আটকা পড়ার পর ছয় দিনে সুয়েজ খালের দুই পাশে ৪২২ জাহাজ এসে জমা হয়েছিল জট ছাড়াতে, দ্রুত জাহাজ পারাপারে তখন রাতদিন কাজ শুরু করেছিল এসসিএ। উল্লেখ্য, এশিয়া ও ইউরোপের মধ্যে সংক্ষিপ্ততম জলপথ হলো সুয়েজ খাল। ১৯৩ কিলোমিটার দীর্ঘ এই জলপথে তিনটি প্রাকৃতিক হ্রদ আছে। অবশেষে জটমুক্ত হওয়ায় বিপুল আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পেল আন্তর্জাতিক বহু      প্রতিষ্ঠান যারা এই পথে পণ্য আনা নেওয়া করত। —বিবিসি