পুলিশ কীভাবে এত বড় বিষয় জানল না?

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ২৩:০৯

গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগছে, পুলিশের এত গাড়ি পোড়াচ্ছে, উনারা ঘুমাচ্ছেন মনে হয়। আজকে আমি শহরে প্রবেশের আগেই পুলিশ আমার গাড়ি আটকিয়েছে। তারা খোঁজ নিচ্ছেন আমি কোথায় যাব, না যাব। অনেক সচেতন পুলিশ। কিন্তু সেই পুলিশ কীভাবে এতবড় একটা বিষয়ে জানল না?  গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন জায়গা পরিদর্শন শেষে প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ডা. জাফরুল্লাহ বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ও সাংবাদিকদের ওপর হামলা এটা একটি অত্যন্ত নিন্দনীয় কাজ। একদিকে পত্রিকায় বের হয়েছে রামদা নিয়ে তাণ্ডব, আপনাদের কাছ থেকে তথ্য পেয়েছি প্যান্ট-শার্ট পরা ছেলেরা এসব করেছে। অন্যদের কাছে তথ্য পাচ্ছি—আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্বে এই ঘটনা ঘটেছে। এখনো আমরা কিছু বুঝতে পারছি না। আবার স্থানীয় এমপি সরাসরি পুলিশকে ক্লেইম করেছেন। এই মুহূর্তে আমরা কিছু মন্তব্য করতে চাই না। ঢাকায় গিয়ে সব কিছু জানাব।’ এ সময় উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, রাষ্ট্রচিন্তার দিদারুল ভূঁইয়া, পানি বিশেষজ্ঞ ম. ইনামুল হক এবং সাদিয়া আরমান প্রমুখ।