চট্টগ্রামের মীরসরাইয়ে এক সাংবাদিকের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে শহরের মাতৃকা হাসপাতাল রোডের ব্যক্তিগত অফিস থেকে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সুজন মণ্ডল ইত্তেফাকে পরীক্ষামূলকভাবে সংবাদ পাঠাতেন।
এ ব্যাপারে মীরসরাই থানার ওসি মজিবুর রহমান বলেন, রাতে ভুক্তভোগীর কয়েক জন শুভাকাঙ্ক্ষী ফোন করে জানান, সুজন মণ্ডল দুপুরে অফিসে ঢোকার পর আর বাইরে বের হননি। এমনকি তাকে বহুবার ফোন করে পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে ডাকাডাকি করে। সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। এ সময় সুজন মণ্ডলের গলায় একটি রাবারের পাইপ জড়ানো ছিল।
অপর এক প্রশ্নের জবাবে ওসি বলেন, সুজন মণ্ডলের অফিসটি সরু গলির মধ্যে টিনশেড ভবনে। অফিসে ভেতর পার্টিশন করা। বাইরে থেকে ভেতরে ঢোকার অন্য কোনো পথ নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরই সুজন মণ্ডলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। সুজন মণ্ডলের বাড়ি মীরসরাই পৌর এলাকায়। তার বাবার নাম রঞ্জন মণ্ডল। এক ভাই এক বোনের মধ্যে সুজন বড়। তার আট বছরের একটি মেয়ে আছে।
