গত ২৩ থেকে ২৭ মার্চ পর্যন্ত দেশে মধ্যযুগীয় কায়দায় তাণ্ডব সৃষ্টিকারীদের হুকুমদাতাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ঐক্যজোট। গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের অন্য নেতারা।
বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী বলেন, গত ২৩ থেকে ২৭ মার্চ পর্যন্ত হেফাজতে ইসলামের ব্যানারে জামায়াত-শিবির এবং কওমি অঙ্গনের কিছু উগ্রপন্থি তথাকথিত ওলামার নেতৃত্বে দেশের বিভিন্ন অঞ্চলে নজিরবিহীন তাণ্ডব চালানো হয়। বর্তমানে হেফাজতে ইসলামের নেতারা জামায়াতে ইসলামীর এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছেন। গ্রামে গ্রামে হিংসা-বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছেন। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদ্যাপনের সরকারি আয়োজন বানচাল করে দেওয়া ছিল এ উগ্রবাদীদের আসল উদ্দেশ্য।
সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলো হলো—ব্রাহ্মণবাড়িয়া, হাটহাজারী, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হেফাজতের কর্মসূচি পালনকালে হেফাজতে ইসলামের ব্যানারে মানুষ হত্যার উসকানিসহ মধ্যযুগীয় তাণ্ডব সৃষ্টিকারীর হুকুমদাতাদের গ্রেফতার, প্রকৃত মাস্টারমাইন্ডদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, একজন বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা, গত বছরব্যাপী ওয়াজের নামে হেলিকপ্টার ব্যবহারকারীদের আয়ের উত্স, তাদের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে অপতত্পরতার তদন্ত করে আইনি ব্যবস্থা নিয়ে দ্রুত জনসম্মুখে প্রকৃত কাহিনি প্রকাশ করতে হবে। গুটিকয়েক উগ্রবাদীর কারণে কওমি মাদ্রাসাগুলোর নিরীহ ছাত্র কেউ যাতে হয়রানির শিকার না হয়, সেই দিকে কঠোর নজর রাখতে হবে। হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা আহমদ শফি হত্যা মামলার তদন্ত দ্রুত নিষ্পত্তি করতে হবে। ৫ মে শাপলা চত্বরের ঘটনায় অনুপ্রবেশকারীদের ষড়যন্ত্রে বিভিন্ন মামলার যারা আসামি হয়েছেন তাদের সাধারণ ক্ষমার আওতায় এনে তাদের বিরুদ্ধে হত্যা ও অগ্নি সংযোগের মামলা ছাড়া সব মামলা প্রত্যাহার করতে হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ইসলামী ফাউন্ডেশনের আওতায় চাকরিতে দারুল আরকাম মাদ্রাসার শিক্ষকদের বেতনভাতা পরিশোধ করতে হবে। এছাড়া অন্যায়ভাবে কিছু কুচক্রি দৈনিক ভিত্তিতে বেশকিছু কর্মচারীর বেতনভাতা বন্ধ রেখে তাদের প্রতি অন্যানয় করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও এখনো তাদের বেতন ভাতা পরিশোধ করা হয়নি এসব কর্মচারীদের দ্রুত বেতন ভাতা পরিশোধ করতে হবে। হেফাজতের তাণ্ডবে হতাহত মাদ্রাসাছাত্র, পথচারী, সাংবাদিক, পুলিশসহ ক্ষতিগ্রস্তদের সাধ্য অনুযায়ী সহযোগিতা করার ব্যবস্থা গ্রহণ। আগামী ৫ জুন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের পূর্বনির্ধারিত ঢাকার মহাসমাবেশ সফল করতে সার্বিক ব্যবস্থা গ্রহণ।
