আনন্দ টিভি জানায়, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনীর পর এবার মমতা ব্যানার্জির নিশানায় পড়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। গতকাল ক্যানিংয়ের সভা থেকে তৃণমূল নেত্রী বলেন, ‘তল্লাশি করতে তৃণমূল কর্মীদের বাড়ি বাড়ি পাঠানো হচ্ছে সিআরপিএফকে।’ নিজ রাজ্যের পুলিশকে উদ্দেশ্যে মমতা বলেন, ‘আমি আপনাদের বিপদে আপনাদের পাশে দাঁড়াই। দেখুন আমি কীভাবে লড়াই করছি। আপনাদের তো বাংলাতেই কাজ করতে হবে, এটা ভুলে যাবেন না।’ তিনি আরো বলেন, ‘আমাদের পুলিশ এত দুর্বল কেন, এত কেন্দ্রকে ভয় পায় কেন? মনে রাখবেন রাজ্যে কাজ করেন, কেন্দ্রের হয়ে নয়।’ রাজ্য পুলিশের পাশাপাশি এদিন ফের কেন্দ্রীয় বাহিনীরও কঠোর সমালোচনা করেন তৃণমূল নেত্রী।
