বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এরইমধ্যে বেশকিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন ভক্তদের। তার সিনেমা মানেই এখন দর্শকদের বাড়তি আগ্রহ। প্রতিটি সিনেমাতেই নিজেকে ভিন্নভাবে মেলে ধরেছেন। প্রমাণ করেছেন নিজের অভিনয় মুন্সিয়ানা। সেই ধারাবাহিকতায় এবার নতুনরূপে ধরা দিচ্ছেন তিনি। একই সিনেমাতে দুই রূপে দেখা যাবে তাকে। খবরটি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন শ্রদ্ধা। জানা গেছে, পঙ্কজ পারাশারের ‘চালবাজ ইন লন্ডন’ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করবেন শ্রদ্ধা কাপুর। ১৯৮৯ সালে পঙ্কজের নির্মিত ব্যবসাসফল সিনেমা ‘চালবাজ’-এর সিক্যুয়েল হবে নতুন এই সিনেমাটি। জীবনে প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত এ অভিনেত্রী। শ্রদ্ধা বলেন, ‘আমাকে এই চরিত্রের জন্য যারা নির্বাচন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। এটাই আমার ক্যারিয়ারে প্রথম দ্বৈত চরিত্রে অভিনয়। নিশ্চয় এটা আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জের হবে। তবে আমার দায়বদ্ধতা থেকে যারা আমার ওপর ভরসা রেখেছেন তাদের আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করবো। ভূষণ স্যারের সঙ্গে কাজের সুযোগ আমার জন্য বিশেষ। এই নতুন যাত্রা শুরুর অপেক্ষায় আছি।’
সিনেমাটি প্রযোজনা করবেন ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, আহমেদ খান ও শাইরা খান।
