৪২তম বিসিএসে অংশ নেওয়া এক জনের প্রার্থিতা বাতিল

আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ২২:৩৯

পরীক্ষায় অসদুপায় অবলম্বন

ইত্তেফাক রিপোর্ট

৪২তম বিশেষ (চিকিত্সক) বিসিএস পরীক্ষায় অসদুপায় অবলম্বন করা এক জন পরীক্ষার্থীরার প্রার্থিতা বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল রবিবার পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪২তম বিশেষ বিসিএস পরীক্ষা চলাকালে লিখিত পরীক্ষায় এক জন পরীক্ষার্থী কর্তৃক পরীক্ষা হলে নিষিদ্ধসামগ্রী বহন করায় কমিশন কর্তৃক অনুমোদিত ‘অপরাধমূলক আচরণের জন্য শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ নীতিমালা-২০০০’ অনুযায়ী মো. আজিজুল হাকিম (রেজিস্ট্রেশন নম্বর-১৪০০০২১৪) এর পরীক্ষা বাতিল করা হয়েছে।

গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৪২তম বিসিএসের এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষায় ৩১ হাজার চিকিত্সক অংশ নেন। গত ৩০ মার্চ প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হন ৬ হাজার। এর মধ্য থেকে ২ হাজার জনকে নিয়োগ দেওয়া হবে। করোনা ভাইরাস মহামারির প্রেক্ষাপটে ২ হাজার চিকিত্সককে সরকারি চাকরিতে নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়।