‘নির্দেশনা বাস্তবায়নে বল প্রয়োগ নয়’
বিশেষ প্রতিনিধি
করোনা (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকারি সব নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন পুলিশ প্রধান (আইজিপি) ড. বেনজীর আহমেদ। গতকাল রবিবার বিকালে পুলিশ সদর দপ্তরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব মেট্রোপলিটন, রেঞ্জ ও জেলার পুলিশ সুপারদের এ সংক্রান্ত নির্দেশনা দেন তিনি।
করোনা ভাইরাস মোকাবিলায় গত ২৯ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৮ দফা ও ৪ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের ১১ দফা নির্দেশনা জারি করেছে। এসব নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের কথা উল্লেখ করে আইজিপি বলেন, সরকারের নির্দেশনাগুলো আজ সোমবার থেকে বলবত্ করতে হবে। তবে এসব নির্দেশনা বাস্তবায়নে বল প্রয়োগ নয়, বরং জনগণকে উদ্বুদ্ধ করার ওপর জোর দেন তিনি।
আইজিপি বলেন, গত বছরের মতো এবারও খোলা বা উন্মুক্ত স্থানে বাজার বসার ব্যবস্থা করতে হবে। যেসব দোকানপাট খোলা থাকবে সেখানে পূর্ণাঙ্গরূপে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। বিদেশফেরত ব্যক্তিদের কোয়ারেন্টাইন প্রসঙ্গে পুলিশ প্রধান বলেন, বিদেশ থেকে কেউ এলে ১৪ দিন কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। প্রয়োজনে তাদের অবস্থানস্থল চিহ্নিত করতে হবে।
