সাবেক মন্ত্রী আব্দুল মান্নানের মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ২২:৪০

ইত্তেফাক রিপোর্ট

গতকাল ছিল বিশিষ্ট রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী আব্দুল মান্নানের ১৬তম মৃত্যুবার্ষিকী। ২০০৫ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। আব্দুল মান্নান ৭ অক্টোবর ১৯২৯ সালে টাঙ্গাইলের গলাটিয়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি টাঙ্গাইল মহকুমা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি ভাষা আন্দোলনসহ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসন থেকে এমপি নির্বাচিত হন। তিনি দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং পরে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। ৬ দফা ও ৬৯-এর গণঅভ্যুত্থানে তার ভূমিকা ছিল উজ্জ্বল।

তার মৃত্যু দিবস উপলক্ষ্যে তার কন্যা হলি ফ্যামিলি মেডিক্যালের গাইনি বিভাগের অধ্যাপক কিশোয়ার সুলতানা এবং জামাতা হলি ফ্যামিলি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক দৌলতুজ্জামান দোয়ার আয়োজন করেন। এছাড়া টাঙ্গাইলে তার গ্রামের বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।