বাউফলে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে

আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ২২:৪৩

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা

বাউফলে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। একদিকে করোনা ভাইরাসের হানা, অন্যদিকে ডায়রিয়ায় আক্রান্তের হার বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে হঠাত্ ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। বাউফল স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত তিন দিনে ৬৯ জনকে ভর্তি করা হয়েছেন। তার মধ্যে ৫৮ জনই হচ্ছেন ডায়রিয়ায় আক্রান্ত রোগী। এর মধ্যে আবার অধিকাংশ শিশু। গত মার্চ মাস জুড়ে এ স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ৩৩৫ জন ডায়রিয়া আক্রান্ত রোগীকে চিকিত্সা দেওয়া হয়েছে। এসব ডায়রিয়ায় আক্রান্তদের চিকিত্সা সেবা দিতে গিয়ে সংশ্লিষ্টদের হিমশিম খেতে হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো জায়গা নেই। তাই বাধ্য হয়ে অনেক রোগীকে ডায়রিয়া ওয়ার্ডের বাইরে ফ্লোরে রেখে চিকিত্সা দেওয়া হচ্ছে। এ বিষয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা জানান, ডায়রিয়া বেড়ে যাওয়ায় অন্যতম দুইটি কারণ হলো আবহাওয়া পরিবর্তন। সেই সঙ্গে তরমুজ খেয়েও আক্রান্ত হচ্ছেন অনেকে। তিনি আরো জানান, অতীতের যে কোনো বছরের তুলনায় এবার ডায়রিয়ায় আক্রান্তের হার বেশি। তিনি সবাইকে স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।