পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা
রাজশাহী-চিলাহাটিগামী আন্তঃনগর ট্রেন তিতুমীর এক্সপ্রেসের পাঁচবিবি রেল স্টেশনে রবিবার থেকে যাত্রাবিরতি শুরু হয়েছে। সকাল ১০টায় রাজশাহী থেকে ছেড়ে আসা ট্রেনটি পাঁচবিবি স্টেশনে পৌঁছলে আন্তঃনগর ট্রেন যাত্রাবিরতি আন্দোলন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে চালক ও পরিচালককে ফুল ও মিষ্টি উপহার দেওয়া হয়। ব্যবসায়ী শ্যামল কুন্ডুর সভাপতিত্বে স্টেশন চত্বরে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিম অঞ্চলের অর্থ বিভাগের কর্মকর্তা গোলাম রব্বানী বাবু, নাট্যকার আমিনুল হক বাবুল, স্টেশন মাস্টার আব্দুল আওয়াল প্রমুখ। বক্তারা পাঁচবিবিতে আন্তঃনগর তিতুমীর ট্রেন যাত্রাবিরতির জন্য প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী, স্থানীয় সাংসদ, পৌর মেয়রসহ আন্দোলনে অংশগ্রহণ করা সবাইকে ধন্যবাদ জানান।
