সাঁথিয়ায় যুবক খুনের ঘটনায় মামলা
সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা
সাঁথিয়া উপজেলায় আলহাজ নামের এক যুবক খুনের ঘটনায় মামলা হওয়ার পর গ্রেফতার আতঙ্কে বাড়ি ছাড়ছে ঘুঘুদহ গ্রামের নারী ও পুরুষ। জানা যায়, উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে গত বৃহস্পতিবার খুন হয় আলহাজ। এ ঘটনায় শুক্রবার রাতে আলহাজের বাবা মানিক বাদী হয়ে মোসলেম মাস্টারকে প্রধান করে প্রায় ৩২ জনকে আসামি করে মামলা করেন। ঘটনার পরেই প্রতিপক্ষের অর্ধশত পরিবারের প্রায় ১৫০ জন পুরুষ সদস্য বাড়ি ছাড়া রয়েছে। বাড়ি ছাড়া পরিবারের সদস্যরা শুক্রবার থেকে গতকাল পর্যন্ত মহিষ, গরু ও দামি আসবাবপত্র পুলিশের সহায়তায় আত্মীয়দের বাড়িতে সরিয়ে নেয়। তবে পুলিশের কঠোর অবস্থানের পরও ঘুঘুদহ গ্রামের পিন্টুর বাড়ি থেকে লুট হওয়া দুটি গরু উপজেলার বিষ্ণুপুর থেকে ৪৫ হাজার টাকা দিয়ে ফেরত নেন বলে জানান পিন্টুর আত্মীয় মানিক মোল্লা। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, ঘুঘুদহ গ্রামটি অনেক বড় এবং বিলবেষ্টিত। আমরা ২৫টি গরু উদ্ধার করে আত্মীয়স্বজনদের হাতে তুলে দিয়েছি। পুলিশের কঠোর অবস্থানের পরও যদি বিচ্ছিন্ন ঘটনা ঘটে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
