মীরসরাইয়ে সাংবাদিকের মৃত্যুর ঘটনায় মামলা

আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ২২:৪৪

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামের মীরসরাইয়ে এক সাংবাদিকের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। গত শনিবার রাত ১০টার দিকে শহরের মাতৃকা হাসপাতাল রোডের ব্যক্তিগত অফিস থেকে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সুজন মণ্ডল ইত্তেফাকে পরীক্ষামূলকভাবে সংবাদ পাঠাতেন। মীরসরাই থানার ওসি মজিবুর রহমান বলেন, রাতে তার কয়েক জন শুভাকাঙ্ক্ষী ফোন করে জানান, সুজন মণ্ডল দুপুরে অফিসে ঢোকার পর আর বের হননি। এমনকি তাকে ফোন করেও পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে ডাকাডাকি করে। সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। এ সময় সুজন মণ্ডলের গলায় একটি রাবারের পাইপ জড়ানো ছিল। অপর এক প্রশ্নের জবাবে ওসি বলেন, সুজন মণ্ডলের অফিসটি সরু গলির মধ্যে টিনশেড ভবনে। অফিসের ভেতর পার্টিশন করা। বাইরে থেকে ভেতরে ঢোকার অন্য কোনো পথ নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। রবিবার চমেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর সন্ধ্যায় উপজেলার বাঘখোলা গ্রামে মণ্ডল বাড়ির পারিবারিক শ্মশানে তাকে সমাধিস্থ করা হয়। সুজন মণ্ডলের বাড়ি মীরসরাই পৌর এলাকায়। তার বাবার নাম রঞ্জন মণ্ডল। এক ভাই ও এক বোনের মধ্যে সুজন বড়। তার আট বছরের একটি মেয়ে আছে।