কচুয়ায় হাটের শেড ঘরের অবস্থা বেহাল

আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ২২:৪৪

দুর্ভোগে ক্রেতা ও ব্যবসায়ী

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

সখীপুরের কালিয়া ইউনিয়নের কচুয়া হাটের শেড ঘরের অবস্থা বেহাল হয়ে পড়েছে। সংস্কার কিংবা নতুন শেড ঘর নির্মাণ করে না দেওয়ায় ব্যবসায়ী ও ক্রেতারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এ দুর্ভোগ ঝড়-বৃষ্টিতে আরো বেড়ে যায়। কচুয়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতির (বণিক) সভাপতি শামসুল হক ও সাধারণ সম্পাদক আবদুল আলীম বলেন, হাটের শেড ঘরের অবস্থা বেহাল হয়ে পড়েছে। ফলে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে ক্রেতা-বিক্রেতাসহ সাধারণ মানুষ। ব্যবসায়ীরা অতি কষ্টে বিক্রি করছে পণ্য। তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই হাটের শেড ঘরগুলো মেরামত বা নতুন করে নির্মাণসহ একটি গ্রোথসেন্টার নির্মাণেরও দাবি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী বলেন, ইজারা মূল্যের ১৫ শতাংশ অর্থ দিয়ে হাটবাজারের উন্নয়ন করা হয়। সখীপুর শহরের কাছে বৃহত্তর এ বাজারটি উন্নয়নে তিনি চেষ্টা করবেন।