নতুন পরিচালক নিয়োগে সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক

আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ২২:৪৭

ইত্তেফাক রিপোর্ট

কিছু ব্যাংক নিজ নিজ বিবেচনায় ভিন্ন ব্যাখ্যা দিয়ে নতুন পরিচালক নিয়োগ দিচ্ছে। এজন্য ব্যাংকগুলোতে নতুন পরিচালক নিয়োগের ব্যাপারে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক-কোম্পানির পরিচালনা পর্ষদের গঠন ও দায়দায়িত্ব সম্পর্কিত বিধিবিধান নিয়ে গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) একটি প্রজ্ঞাপন জারি করেছে। ২০১৩ সালের ২৭ অক্টোবর বিআরপিডি জারি ১১ নম্বর সার্কুলারের ১.১ নম্বরে প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলা হয়,  ‘নতুন পরিচালক বলতে ব্যাংক-কোম্পানির পর্ষদ সভায় মনোনীত এবং বার্ষিক সাধারণ সভায় নির্বাচিত/পুনর্নির্বাচিত সব পরিচালককে বোঝানো হয়েছে। এক্ষেত্রে প্রত্যেক পুনর্নিযুক্তি একটি নতুন নিযুক্তি হিসেবে বিবেচিত হয়। তবে, লক্ষ করা যাচ্ছে যে, কিছু ব্যাংক নিজ নিজ বিবেচনায় ভিন্ন ব্যাখ্যা প্রদানের মাধ্যমে এ নির্দেশনা পরিপালনে বিঘ্ন সৃষ্টি করছে। যা সার্কুলারের মূল উদ্দেশ্য বাস্তবায়নে ব্যাহত হচ্ছে’। ‘এ অবস্থায়, ব্যাংকিং খাতের সুশাসন নিশ্চিতকরণে ব্যাংক-কোম্পানির পর্ষদ সভায় মনোনীত এবং বার্ষিক সাধারণ সভায় নির্বাচিত/পুনর্নির্বাচিত পরিচালকদের নিয়োগ/পুনর্নিয়োগ বা নিযুক্তি/পুনর্নিযুক্তির ক্ষেত্রে নির্বিশেষে সব ক্ষেত্রেই বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন গ্রহণ বাধ্যতামূলক।’ এর আগে ২০১৩ সালের ২৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনে নতুন পরিচালক নিয়োগের বিষয়ে বলা হয়েছিল, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ (২০১৩ পর্যন্ত সংশোধিত) এর ধারা ১৫ এর উপ-ধারা (৪) মোতাবেক বিশেষায়িত ব্যাংক ব্যতীত অন্য যে কোনো ব্যাংক-কোম্পানির পরিচালক নিযুক্তির পূর্বে বাংলাদেশ ব্যাংক হতে অনুমোদন গ্রহণ করতে হবে। অনুমোদন গ্রহণের জন্য ব্যাংক কর্তৃক প্রেরিত আবেদনপত্রের সঙ্গে পরিচালক নিযুক্তির জন্য মনোনীত প্রার্থীর তথ্যাবলি, মনোনীত প্রার্থীর ঘোষণাপত্র  প্রার্থীর গোপনীয়তা রক্ষার ঘোষণাপত্র, স্বতন্ত্র পরিচালক হিসেবে মনোনীত প্রার্থীর ক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের অনুমোদনপত্র; পরিচালক হিসেবে মনোনীত ব্যক্তির সিআইবি প্রতিবেদন ও  বিদ্যমান পরিচালকদের একটি তালিকা জমা দিতে হবে।