জরুরি সেবা ছাড়া সব গণপরিবহন আজ থেকে বন্ধ :কাদের

আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ২২:৫৩

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বলেছেন, আজ সোমবার থেকে সব গণপরিবহন বন্ধ থাকবে। গতকাল রবিবার সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন। মন্ত্রী বলেন, ‘গণপরিবহন বন্ধ থাকলেও পণ্য পরিবহন, জ্বালানি, ওষুধ, পচনশীল, ত্রাণবাহী পরিবহন, সংবাদপত্র, গার্মেন্টস সামগ্রী ইত্যাদি জরুরিসেবা এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।’

জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরিধান নিশ্চিত করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ ব্যাপারে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে আরো কঠোর হতে হবে। করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় আর কোনোভাবেই উদাসীনতা দেখানোর সুযোগ নেই। তাই হাটবাজারে, ফেরি, লঞ্চঘাট ও বাসস্ট্যান্ডসহ অন্যান্য জায়গায় গেলে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে।

আজ থেকে শুরু হওয়া লকডাউন কার্যকর করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, জীবনের থেকে জীবিকা কোনোভাবেই বড় নয়। আগে নিজে বাঁচুন এবং পরিবারকে বাঁচাতে সহযোগিতা করুন। ভাসমান অসহায় মানুষদের নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এটাই এখন আওয়ামী লীগের একমাত্র রাজনীতি। এ সময় ধানমন্ডিতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং দলের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দী, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, শিক্ষাবিষয়ক সম্পাদক সামছুন্নাহার চাঁপা, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ। সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদের হাতে এসব করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী তুলে দেওয়া হয়।