ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি মো. আসলামুল হক আর নেই। গতকাল রবিবার সকালে হার্ট অ্যাটাক করলে তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। পরে বেলা ১২টার দিকে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৬০ বছর। দারুস সালাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ফরিদুল হক হ্যাপি বলেন, আসলামুল হকের নামাজে জানাজা আজ সোমবার বেলা ১১টায় মিরপুর মাজার রোড এলাকার গোলারটেক মাঠে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। আসলামুল হক জাতীয় সংসদের টানা তিনবারের নির্বাচিত সদস্য। ২০০৮ সালে নবম, ২০১৪ সালের দশম ও ২০১৮ সালে অনুষ্ঠিত সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। চলতি সংসদে তিনি সংসদের হাউজ কমিটি ও ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য। মায়িশা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আসলামুল হকের ভূমি ব্যবস্থাপনা, রিয়েল এস্টেট, বিদ্যুত্ উত্পাদন ও বিক্রি, রাসায়নিক আমদানি ও ভোগ্যপণ্য উত্পাদনের বিভিন্ন ব্যবসা রয়েছে। দেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের একজন সদস্য তিনি।
মো. আসলামুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এদিকে গতকাল সংসদের অধিবেশন চলাকালে এমপি আসলামুল হকের মৃত্যুর খবরে সংসদে বক্তৃতাকালে আবেগাপ্লুত কণ্ঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মাননীয় স্পিকার এইমাত্র একটি কষ্টকর খবর পেলাম। আমাদের সরকারদলীয় এমপি আসলামুল হক স্ট্রোক করে মারা গেছেন। শনিবারও তিনি সংসদে ছিলেন। পরদিন তিনি আর নেই। এটাই হলো বাস্তবতা, এটাই হলো মানুষের জীবন।’ এছাড়া শোক জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি, দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ প্রমুখ।
জেপির শোক
জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম ঢাকা ?উত্তর আওয়ামী লীগের সহসভাপতি আসলামুল হক এমপির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বিবৃতিতে জেপি নেতৃদ্বয় বলেন, মরহুম আসলামুল হক ঢাকা মহানগরের একজন সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, যিনি জনগণের কল্যাণ ও তার নির্বাচনি এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার মৃত্যুতে জনগণ একজন সেবককে হারাল। জেপি নেতৃদ্বয় তার রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
