নদী থেকে বস্তাবন্দি প্রেমিকার লাশ উদ্ধার প্রেমিক গ্রেফতার

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ০০:৩৮

সাভার উপজেলার আশুলিয়ায় প্রেমিকাকে হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে বস্তায় ভরে বংশী নদীতে ডুবিয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত প্রেমিক বাবু আকনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পাঁচ দিন পর গতকাল রবিবার বংশী নদীর নয়ারহাট এলাকা থেকে প্রেমিকা সাহিদা আক্তার হ্যাপির (৩১) বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত প্রেমিক বাবু আকনকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। বাবু আশুলিয়ার কুরগাঁও এলাকার ইউসুফ আলীর ছেলে। নিহত শাহিদা আক্তার হ্যাপি ঐ এলাকার স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। হ্যাপির গ্রামের বাড়ি বরিশালের হিজলা থানার কোলচর গ্রামে।