বিনোদন রিপোর্ট
প্রতিবারের মতো এবারও বইমেলায় বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও লেখক হানিফ সংকেত এর বই প্রকাশিত হয়েছে। তবে এবারে হানিফ সংকেতের একটি বই প্রকাশিত হয়েছে। বইটির নাম ‘সংগত প্রসঙ্গত অসংগত’। গভীর পর্যবেক্ষণ, রমনীয় বর্ণনা, ক্ষুরধার বুদ্ধিবৃত্তি তার উপস্থাপিত বিষয়গুলোকে করে তোলে জীবন্ত। বিভিন্ন অসংগতি তুলে ধরে সমাজকে পরিশুদ্ধ করতে তিনি যেমন নিরন্তন কাজ করে যাচ্ছেন তেমনি আমাদের নাগরিক সচেতনতা, কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতেও ভূমিকা রাখছেন আন্তরিকতার সঙ্গে। তার এবারের গ্রন্থের সেই বিষয়গুলিকে প্রাধান্য দেয়া হয়েছে। হানিফ সংকেত বলেন, ‘মিডিয়াতে আমার শুরুটাই লেখালেখি দিয়ে। আর সেটা সত্তুর দশকের শুরু থেকেই। দর্শকদের ভালোবাসার কারণে ইত্যাদিকে নিয়ে বেশির ভাগ সময় ব্যস্ত থাকতে হয়, তাই ইচ্ছে থাকা সত্ত্বেও সবসময় লিখতে পারি না। কারণ গত ৩৩ বছর ধরেই আমাকে একটা সিডিউল মেনে চলতে হচ্ছে। আর সেই সিডিউলটা আমার হাতে নয়, টিভির হাতে। একটি নির্দিষ্ট তারিখে ইত্যাদি প্রচার হয় বলে আমাকে সেই তারিখের আগে অনুষ্ঠানটি নির্মাণ করে জমা দিতে হয়। তবে যত ব্যস্ত থাকি না কেন মনের ক্ষুধার তাড়নায় চেষ্টা করি সংখ্যায় বেশি না হলেও বছরে অন্ততঃ একটি হলেও বই প্রকাশ করতে।’
এই সংগত প্রসঙ্গত অসংগত বিষয়গুলো নিয়েই ২০২০ সালে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত লেখার সংকলন নিয়েই আমার এই গ্রন্থ’।
বইটি প্রকাশ করেছে প্রিয় বাংলা প্রকাশন। ‘সংগত প্রসঙ্গত অসংগত’ বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটি এখন বইমেলায় পাওয়া যাচ্ছে।
