অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার ইথুন বাবুর হাত ধরে উঠে এসেছে অনেক জনপ্রিয় শিল্পী। পাশাপাশি তার অসংখ্য গান শ্রোতাদের হূদয়ে গেঁথে আছে। দীর্ঘদিন ধরে শ্রোতাপ্রিয় গান উপহার দিচ্ছেন তিনি। সেই ধারাবাহিকতায় ক’দিন আগেই প্রকাশ পেয়েছে ‘জননী’ শিরোনামের একটি গান। গানটি দর্শক-শ্রোতাদের ভেতরে বেশ সাড়া ফেলেছে। পাশাপাশি ঈদেও ইথুন বাবুর বেশকিছু গান আসছে। নতুন এই গান ও নিজের ব্যস্ততা প্রসঙ্গে ইথুন বাবু বলেন, ‘জননী গানটি একটি সত্য ঘটনা অবলম্বনে মাকে নিয়ে লেখা। গানটি নিয়ে এত সাড়া পাবো ভাবিনি। গানটি সকল মাকে নিয়ে লেখা। গানটিতে মা-এর ভূমিকায় শর্মিলী আহমেদ অভিনয় করেছেন। আর আমি তো শুরু থেকেই গানকে আঁকড়ে ধরে আছি। নিয়মিত গান প্রকাশের পাশাপাশি বিশেষ দিবসগুলোতে ভালো কিছু উপহার দেওয়ার অভ্যেস থেকে আসছে ঈদে আসিফ, আতিক, জেমস সুমসসহ অনেকের কণ্ঠে বেশকিছু গান নিয়ে আসছি।’
বর্তমান সময়ে ভিউ গুণে গানের বিচার করার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ইথুন বাবু আরো বলেন, ‘দেখুন, ইউটিউব নির্ভর সংগীত হয়ে যাওয়ায় এ ধরনের কাজ বেশি হচ্ছে। তবে এরা কিন্তু এসেই ঝরে যাচ্ছে। বলতে পারেন দিলদার, টেলি সামাদের পার্ট করছে তারা। এটা ক্ষণিকের আনন্দ। আমি এগুলোকে গান মনে করি না। দর্শক-শ্রোতারা এখন ভালো-মন্দের বিচার করতে জানে। তারা ভালো কাজটিই গ্রহণ করছেন। আর অনেকেই বাণিজ্যিক স্বার্থে সিনিয়রদের নিয়ে ইউটিউবের জন্য কাজ করতে চায় না। ফলে ভালো কাজ কম হচ্ছে।’
