সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা
সেনবাগের নজরপুর গ্রামে নানা বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হওয়ার চার দিন পর পার্শ্ববর্তী চাঁদপুর গ্রামের তেলিপুকুর পাড়সংলগ্ন জমিতে পুঁতে রাখা ছয় বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুর নাম আশ্রাফুল আলম। খবর পেয়ে গতকাল সোমবার রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আশ্রাফুলের পিতার নাম আবুল কাশেম। মায়ের নাম হাজেরা খাতুন। তার গ্রামের বাড়ি উপজেলার ডমুরুয়া ইউনিয়নের বাবুপুর-শ্রীপুর গ্রামে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, উপজেলার কাদরা ইউনিয়নের নজরপুর গ্রামে নানা সাইদুল হকের বাড়িতে বেড়াতে গিয়ে গত শুক্রবার নিখোঁজ হয় শিশু আশ্রাফুল। এ নিয়ে এলাকায় মাইকিং করার পাশাপাশি থানায় একটি জিডি করা হয়। সোমবার সন্ধ্যায় এলাকাবাসী পার্শ্ববর্তী চাঁদপুর গ্রামের তেলিপুকুর পাড়সংলগ্ন জমির মাটিতে পুঁতে রাখাবস্থায় তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের জন্য তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যা করে লাশ সেখানে মাটিতে পুঁতে রাখা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
