মার্কেট খোলা রাখার দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ২২:০৮

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

লোহাগাড়ায় দোকান-মার্কেট খোলা রাখার দাবিতে উপজেলা সদরের বটতলী স্টেশনের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ব্যবসায়ী-কর্মচারীরা বিক্ষোভ মিছিল করেছেন। গতকাল সোমবার সকালে লকডাউনের প্রথম দিনে লোহাগাড়া বণিক সমিতির সভাপতি মহিউদ্দিন বাচ্চুর নেতৃত্বে  মিছিল বের হয়। পরে মোস্তাফিজ মার্কেটের সামনে সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য রাখেন লোহাগাড়া বণিক সমিতির সভাপতি মহিউদ্দিন চৌধুরী বাচ্চু, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোস্তফা কামালসহ বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতারা। এদিকে খবর পেয়ে ছুটে আসেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতু, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খোরশেদ আলম চৌধুরী। দুপুরে ব্যবসায়ী নেতাদের সঙ্গে উপজেলা কার্যালয়ে বৈঠক করে উপজেলা প্রশাসন। বৈঠকে জানানো হয়, সরকারি নির্দেশনামতে দোকানপাট খোলা থাকবে। উপজেলা প্রশাসন সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানায়।

স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখার দাবি

মাগুরা প্রতিনিধি জানান, গতকাল সোমবার থেকে সরকারঘোষিত লকডাউনে মাগুরায় দোকানপাট খোলার দাবিতে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। দুপুরে শহরে বস্ত্র ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলার দাবি জানান। এ সময় ব্যবসায়ীরা বেবী প্লাজা মার্কেটের সামনে থেকে মিছিল করে পৌর মেয়রের বাড়িতে যান। পরে পুলিশ এসে পরিস্থিতি আয়ত্তে আনে। ব্যবসায়ীরা জানান, ইদ মৌসুমে দোকান-মার্কেট বন্ধ রাখার কারণে তারা ক্ষতিগ্রস্ত হবেন। স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখার দাবি জানান তারা।