বগুড়ায় যুবক খুন

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ২২:১০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার সরকারি আযিযুুল হক কলেজের পেছনে শহরের জহুরুলনগর এলাকায় ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। রোববার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম বিশু মিয়া। তিনি শিবগঞ্জ উপজেলার জাহিদুল ইসলামের ছেলে। বিশু সরকারি আযিযুল হক কলেজের সাবেক শিক্ষার্থী। কলেজের পাশে একটি ছাত্রাবাসে থাকতেন তিনি। নিহতের ছোট বোন জাহানারা জানান, তার ভাই বিশু মিয়া রবিবার বিকালে গ্রামের বাড়ি থেকে চার হাজার টাকা নিয়ে শহরে ফিরছিলেন। চারমাথা বাস টার্মিনালে নেমে জহুরুলনগর হয়ে হেঁটে মেসে যাচ্ছিলেন। রাত সাড়ে ৮টায় ভাই ফোন দিলে জানান, তিনি মুন হলের সামনে দিয়ে হেঁটে জামিলনগরের দিকে যাচ্ছেন। পরে এক ব্যবসায়ী ফোনে বলেন, কলেজ চত্বর দিয়ে হেঁটে যাওয়া কয়েক ব্যক্তি তাকে জানান, কলেজ চত্বরে রাস্তার ওপর অন্ধকারে এক ব্যক্তির লাশ পড়ে আছে। খবর পেয়ে তিনি কয়েক জন ব্যক্তিকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেন। 

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, লাশ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।